জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে ৩য় চাঁদপুরের হোসনে আরা নিরু

স্টাফ রিপোর্টার : জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের “গুণী শিক্ষক-২০২৬” নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুর শহরের তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা নিরু।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ফলাফল ঘোষণার পর এ সাফল্যে চাঁদপুরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রথমে চাঁদপুর সদর উপজেলা, পরে জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।

সর্বশেষ ২৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের নির্বাচনে হোসনে আরা নিরু তৃতীয় স্থান অর্জন করেন। জাতীয় পর্যায়ে দেশের আটটি বিভাগ থেকে মোট ২৪ জন শিক্ষক প্রতিযোগিতায় অংশ নেন। নির্ধারিত মানদণ্ডে যাচাই-বাছাই ও মূল্যায়নের পর হোসনে আরা নিরুকে জাতীয় পর্যায়ে তৃতীয় নির্বাচিত করা হয়।

হোসনে আরা নিরু শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। জাতীয় পর্যায়ে তাঁর তৃতীয় স্থান অর্জনের খবরে বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

হোসনে আরা নিরুর এ সাফল্য চাঁদপুরের শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তাঁর এ অর্জনে গর্বিত স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্টরা। এ সাফল্যের জন্য স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি ও পিটিএসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হোসনে আরা নিরু।

সম্পর্কিত খবর