
চাঁদপুর খবর রিপোর্ট : ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে মোহাম্মদ আবুল খায়ের নামে এক রোগী আহত হয়েছেন। এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত রোগী মোহাম্মদ আবুল খায়ের ফরিদগঞ্জ উপজেলার মদননগর এলাকার আবদুল মান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ করে ওয়ার্ডের ছাদের পলেস্তারার একটি বড় অংশ খসে আবুল খায়েরের ওপর পড়ে।
এতে তিনি আহত হন। পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালেই জরুরি চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থল ও আশপাশের অংশ থেকে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের দ্রুত সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওয়ার্ডের ওই অংশটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ ধরনের দুর্ঘটনার শিকার হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের অভিযোগ, হাসপাতালের পুরোনো ভবনের বিভিন্ন অংশের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রোগী ও স্বজনরা হাসপাতালের ভবনের ছাদসহ ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের পুরোনো ও জরাজীর্ণ ভবনগুলো দ্রুত পরিদর্শন করা প্রয়োজন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।




