
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : ‘নাটক মোদের অহংকার, নাটক হোক সমাজ গড়ার হাতিয়ার’—এই স্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে ঐতিহ্যবাহী অরূপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের দুই যুগপূর্তি, ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ-২০২৬ উদ্যাপিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার বাবুরহাট কলেজ ক্যাম্পাস হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান, কেক কাটা এবং সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরূপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাধন চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, নাট্যনির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মঈনুদ্দিন ভূঁইয়া লিটন এবং জাসাস চাঁদপুর জেলা শাখার সদস্যসচিব মোবারক হোসেন সিকদার।
অনুষ্ঠানে অরূপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের দীর্ঘ পথচলায় বিভিন্নভাবে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা লাভ করেন সংগঠনের উপদেষ্টা ও পৌর বিএনপি, চাঁদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মজুমদার লিটন, সংগঠনের কার্যকরী সদস্য ও অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. হাবিব উল্যাহ পাটোয়ারী, অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও গার্ডেন থিয়েটার, কুমিল্লার দলপ্রধান আতিকুর রহমান সুজন এবং ১৪ নম্বর ওয়ার্ড যুবদল, চাঁদপুর পৌরসভার সিনিয়র সহসভাপতি মো. মান্নান গাজী।
এ ছাড়া সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দীর্ঘ পথচলায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রতিষ্ঠাতা ও সভাপতি সাধন চন্দ্র দত্ত, সহসভাপতি মিল্টন চক্রবর্তী, কার্যকরী সদস্য মহসিন হোসেন জমাদ্দার, ব্রজ গোপাল আচার্য্য, সাধারণ সম্পাদক সপ্তমী রানী দত্ত, কার্যকরী সদস্য মামুনুর রশিদ, কার্যকরী সদস্য ও বসুন্ধরা নাট্যগোষ্ঠী, মতলবের সভাপতি লোকমান হোসেন হাবিব, মহিলা সম্পাদিকা জোসনা রানী দাস, সাংস্কৃতিক সম্পাদক স্বাধীন চন্দ্র দত্ত, কার্যকরী সদস্য জয়নাল আবেদীন, অর্থবিষয়ক সম্পাদক কানাই চন্দ্র শীল, কার্যকরী সদস্য তৃষা রানী দাস এবং রতন চন্দ্র সূত্রধরকে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি নাট্য সংগঠনের দুই যুগের পথচলা শুধু সময়ের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য শিল্পী, কলাকুশলী, সংগঠক ও সংস্কৃতিপ্রেমী মানুষের শ্রম, ভালোবাসা ও ত্যাগ। অরূপ নাট্যগোষ্ঠী দীর্ঘ ২৪ বছর ধরে নাট্যচর্চা ও সংগীতের মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখে চলেছে। নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
প্রতিষ্ঠাতা সদস্য সাধন চন্দ্র দত্ত, কাজী মিজানুর রহমান, মামুনুর রশিদ, অনিল আচার্জী, মুজিবুর রহমান খালেক মিজি, দীপক মজুমদার, কানাই চন্দ্র শীল, মোতালেব মুন্সী, কাজী ফারুক ও মো. কবির হোসেনের অবদানের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল্লাহ মাস্টার, সহকারী শিক্ষক মিলন চন্দ্র পাল, ডা. ডি. কে. পোদ্দার অনু, সংগঠনের নামকরণকারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মিজি এবং মো. মহসিন মজুমদার লিটনের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সংশ্লিষ্টরা।
তাঁদের শ্রম, ত্যাগ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতি দায়বদ্ধতার মধ্য দিয়েই অরূপ নাট্যগোষ্ঠী আজকের অবস্থানে পৌঁছেছে বলে বক্তারা উল্লেখ করেন। আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
পরে অরূপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান। গান, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বাবুরহাট কলেজ ক্যাম্পাস হলরুম। দুই যুগের পথচলা পূর্ণ করে অরূপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের এই প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের সদস্য ও সংস্কৃতিপ্রেমীদের কাছে স্মরণীয় এক আয়োজনে পরিণত হয়।




