বিশ্ব হার্ট দিবসে চাঁদপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুর খবর রিপোর্ট : বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন, হৃদরোগকে অবহেলা করবেন না’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।

দিবসের শুরুতে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. বিশ্বনাথ পোদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মজুমদার, ডা. মো. নূরুল হুদা ও ডা. এমজি ফারুক ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও আজীবন সদস্য তমাল কুমার ঘোষ, আজীবন সদস্য শেখ মনির হোসেন বাবুল, আজীবন সদস্য ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশারেফ হোসেন, আজীবন সদস্য ও যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন খান, রোটা. আলমগীর হোসেন পাটওয়ারী, রোটা. মফিজ সরকার, অ্যাডভোকেট মো. বাবর বেপারী, ইমাম হোসেন, রোটা. অ্যাডভোকেট পলাশ মজুমদার, আজীবন সদস্য ও সাংগঠনিক সম্পাদক রোটা. উজ্জ্বল হোসাইন, আজীবন সদস্য রোটা. মাহাবুবুর রহমান সুমন, রোটা. মো. মিজানুর রহমান, রোটা. আলেয়া বেগম লাকি, রোটা. অ্যাডভোকেট মানিক লাল দেবনাথ এবং মোশারেফ হোসেন শামীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করা হয়। হৃদরোগ বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি। সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

বক্তারা আরও বলেন, সুস্থ হৃদয় ও সুন্দর ভবিষ্যতের জন্য দৈনন্দিন জীবনে ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। হৃদযন্ত্রের কোনো অস্বাভাবিক সংকেত বা উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের হৃদস্বাস্থ্যের ব্যাপারেও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

সভায় বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত খবর