
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় অবৈধভাবে পণ্য উৎপাদন ও মোড়কজাতকরণের দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এর মালিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, আল মদিনা ফুড প্রোডাক্টস বিএসটিআই-এর অনুমোদন ছাড়া অবৈধভাবে ‘স্ট্যান্ডার্ড মার্ক’ ব্যবহার করে চানাচুর উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিলো।
এতে প্রতিষ্ঠানটি ‘বিএসটিআই আইন-২০১৮’-এর ১৫/২৭ ধারা লঙ্ঘন করে। এছাড়া মোড়কজাতকরণ সনদ ব্যতীত চানাচুর ও আচার উৎপাদন ও বিক্রয় করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ২৪(১)/৪১ ধারায় এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে




