
স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক নির্দেশনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় সভায় নির্বাচনকেন্দ্রিক কৌশল নির্ধারণ ও একক প্রার্থী চূড়ান্ত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ অংশ নেন।
তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে প্রতিটি ইউনিয়নে যোগ্য প্রার্থী নিশ্চিত করার বিষয়ে প্রতিনিধিরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এ সময় দলীয় ঐক্য বজায় রেখে আসন্ন নির্বাচনে বিজয়ী হতে সবাই একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।




