
আহম্মদ উল্যাহ : কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে চাঁদপুর জেলার সব থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে সর্বমোট ৩৭০ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশক্রমে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে দৈনিক চাঁদপুর খবর ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন কিশোর ও বিভিন্ন বয়সী ব্যক্তিদের আটক করে তাদের বিষয়ে প্রাথমিকভাবে তথ্য যাচাই-বাছাই করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে আটক ৩৭০ জনের মধ্যে যাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা কিংবা অন্যান্য অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, আটকদের মধ্যে যাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তাদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অভিভাবকদের ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব, পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে যেন তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।
পুলিশ জানিয়েছে, অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিশোরদের সঠিকভাবে পরিচালনা ও তাদের স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করতে পরিবারের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
চাঁদপুর জেলা পুলিশ বলছে, কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানানো হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




