
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ৮ উপজেলা ও ২ পৌরসভায় ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া হাম-রুবেলা মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়া শিশুদের মধ্যে ২ হাজার ৭২ জনকে টিকা দেওয়া হয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই বিভাগ থেকে ২৭ সেপ্টেম্বর দুপুরে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর সদরে ১১১ জন, চাঁদপুর পৌরসভায় ১০৩ জন, ফরিদগঞ্জে ৩৪৫ জন, হাইমচরে ৬১ জন, হাজীগঞ্জে ৪৫০ জন, হাজীগঞ্জ পৌরসভায় ৩৬ জন, কচুয়ায় ২৮২ জন, শাহরাস্তিতে ১২৮ জন, মতলব দক্ষিণে ২৩৭ জন এবং মতলব উত্তরে ৩১৯ জন—প্রথম রাউন্ডে বাদ পড়ায় দ্বিতীয় রাউন্ডে হাম-রুবেলা টিকা পেয়েছে।
চাঁদপুরসহ সারা দেশে হাম-রুবেলা মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়া শিশুদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে একটি বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে বলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। কোনো শিশু যদি আগের ক্যাম্পেইনে ৫ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে কোনো কারণে টিকা না পেয়ে থাকে, তবে এ বিশেষ ক্যাম্পেইনে তাকে টিকা দেওয়া যাবে। কর্মসূচির গুরুত্বপূর্ণ তথ্য অনুযায়ী, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী অর্থাৎ ৫ বছরের কম বয়সী বাদপড়া শিশুরা এ টিকা পাবে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ বিশেষ কার্যক্রম চাঁদপুরসহ সারা দেশে চলবে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
চাঁদপুরের নিজ নিজ এলাকার নিকটস্থ কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই টিকাদান কেন্দ্র অথবা এলাকার নির্ধারিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে শিশুকে এ বিশেষ টিকা দেওয়া যাবে। দেশব্যাপী বাদপড়া ৩৪ লাখ শিশুকে এ বিশেষ ক্যাম্পেইনের আওতায় সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ নিজ শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের শুরু থেকে দেশে হামের প্রাদুর্ভাব বা সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী বছরগুলোতে নিয়মিত টিকাদানে গাফিলতি এবং ভ্যাকসিন আমদানিতে বিলম্বের কারণে অনেক শিশু টিকার আওতার বাইরে থেকে গিয়েছিল। এ প্রাদুর্ভাব মোকাবিলা করতে এবং বাদপড়া শিশুদের সুরক্ষাকবচ দিতেই সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় এ বিশেষ ক্যাম্পেইন চালু করেছে।
৫ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত দেশব্যাপী যে মূল হাম-রুবেলা ক্যাম্পেইন হয়েছিল, সেখানে অসুস্থতা, ভিড়ের ভয় বা অন্য কোনো কারণে যে শিশুরা টিকা নেওয়া থেকে বাদ পড়েছিল, প্রধানত তারাই এ বিশেষ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে।




