চাঁদপুর জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দিনের সেশন শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্ব পালনের কৌশল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও সচেতন, দক্ষ ও দায়িত্বশীল হতে হবে। তিনি প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন অর্পিত দায়িত্ব দক্ষতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, দুই দিনব্যাপী এ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশের পেশাগত দক্ষতা, দায়িত্ব পালনের সক্ষমতা এবং নির্বাচনকালীন প্রস্তুতি আরও জোরদার হবে। অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর