চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বতরণ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড়স্টেশন এলাকার কয়েক শতাধিক গরিব, অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্স, পরীক্ষার ফাইলসহ বিভিন্ন প্রকার শিক্ষক উপকরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উপদেষ্টা ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার সম্পাদক প্রকাশক শাহরিয়ার পলাশ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ কবির হোসেন চোকদার,লেখক ও সমাজকর্মী মুহাম্মদ হানিফ চোকদার।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য এবং
সংগঠনের সামাজিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন, বড়স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ। দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসর অধ্যক্ষ মাওলানা মুফতি ইউনুস সাহেব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, এজন্য সমাজের সামর্থ্যবান মানুষ ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। শিক্ষা সামগ্রী বিতরণের মতো উদ্যোগ শুধু শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রয়োজনই পূরণ করে না, বরং তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস জোগায়।

তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে পরিবার, সমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা শিক্ষা সামগ্রী গ্রহণকারী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল পারভেজ জানান, আমরা সামাজিক ও মানবিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব এবং দুর্যোগে দরিদ্র ও অসহায়দের খাদ্য সহায়তা দিয়ে থাকি। এছাড়া মেধাবী শিক্ষার্থী, অসুস্থ গরীব রোগী, দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং গৃহহীন মানুষদের জন্য ঘর নির্মাণ করে দেয়া আমাদের নিয়মিত কার্যক্রম। সেই মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এলাকার অসচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়েছে। এই আয়োজন সফল করতে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমরা সংগঠনের প্রত্যেক সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হোসাইন চোকরার, হিলশা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বাকি বিল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, মোঃ আক্কাস মাল, মোঃ রিপন মাল, মোঃ মেকুল ইসলাম, শামসুদ্দিন শেখ, নাজমুন নাহার মিলি, সালাউদ্দিন খাঁন, সাইফুল খাঁন, আবির হোসাইন, মোঃ খোকা, তানিয়া আক্তার, মোঃ ইসমাইল হোসেন।

সম্পর্কিত খবর