চাঁদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত দিনের খেলায় পুরুষ বিভাগে চারটি এবং নারী বিভাগে চারটি দল অংশ নেয়।

পুরুষ বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চাঁদপুর সদর থানা ও শাহরাস্তি থানা ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। অপরদিকে নারী বিভাগের খেলায় হাইমচর থানা ও ফরিদগঞ্জ থানা ফাইনাল নিশ্চিত করেছে। খেলাকে কেন্দ্র করে পুলিশ লাইন্স মাঠে খেলোয়াড়, পুলিশ সদস্য ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। একই সঙ্গে খেলাধুলার আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর