চাঁদপুরে শিক্ষিকা ফেরদৌসী সুলতানার রুহের মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদের মেয়ে ও রেলওয়ে আক্কাস আলী একাডেমির সিনিয়র শিক্ষক ফেরদৌসী সুলতানা শম্পার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল আল মামুন।

এ সময় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, মরহুমার ভাই ও জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, মরহুমার আত্মীয়স্বজন, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা। তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

উল্লেখ্য, ফেরদৌসী সুলতানা শম্পা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় চাঁদপুর ফেমাস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদের মেয়ে এবং রেলওয়ে আক্কাস আলী একাডেমির সিনিয়র শিক্ষক ছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, ছয় ভাই, ছয় বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ এবং জেলা বিএনপির সদস্য ইখতিয়ার উদ্দিন শিশুর বোন।

তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একজন শিক্ষিকা হিসেবে তাঁর কর্মজীবন ও শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক স্মরণ করে উপস্থিত ব্যক্তিরা শোক প্রকাশ করেন।

সম্পর্কিত খবর