
স্টাফ রিপোটার : মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলাসহ সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করা হয়।
এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগের প্রতিটি উপজেলা থেকে আটটি দল এবং মহিলা বিভাগের চারটি দল অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।




