চাঁদপুরের ছামিয়া সাঁতারে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ

চাঁদপুর খবর রিপোর্ট : ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ‘বুক সাঁতার’ ইভেন্টে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে চাঁদপুর পৌরসভা পরিচালিত হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছামিয়া আক্তার।

প্রতিযোগিতায় ছামিয়া আক্তার উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর কুমিল্লা উপ-অঞ্চল পর্যায়েও প্রথম স্থান অর্জন করেছে।

এ সাফল্যের ধারাবাহিকতায় এবার সে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল পর্যায়ে ‘বুক সাঁতার’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তার এ সাফল্যে চাঁদপুর পৌরসভার পৌর প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সাফল্য অর্জনের জন্য ছামিয়া আক্তারের প্রতি শুভকামনা জানিয়েছেন তাঁরা।

চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ছামিয়ার এ অর্জন শুধু তার নিজের জন্য নয়, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় এবং চাঁদপুরের জন্যও গৌরবের। আগামী প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের জন্য সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি তার হাতে পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় তার কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানানো হয়।

সম্পর্কিত খবর