
আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম অর্ধবার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি চাঁদপুর জেলায় আগমন করেন। পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরে অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার ২০২৫-২৬ অর্থবছরের প্রথম অর্ধবার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা পুলিশ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও রেকর্ডপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে তিনি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা, নথিপত্র সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা, সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।




