
গোলাম সরোয়ার সেলিম : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ও এক অফিস সহকারীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমামের মৌখিক নির্দেশনায় বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। সাময়িক অব্যাহতি পাওয়া দুজন হলেন—মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার এবং অফিস সহকারী মো. সুমন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, সহকারী শিক্ষক জুয়েল তালুকদার সম্প্রতি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরকারপ্রধান, প্রশাসনিক সিদ্ধান্ত ও রাষ্ট্রের বিভিন্ন নীতি নিয়ে একাধিক সমালোচনামূলক পোস্ট দেন। এসব পোস্টে বিদ্যালয়ের অফিস সহকারী মো. সুমন আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে শিক্ষক জুয়েল তালুকদারকে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম থেকে এবং অফিস সহকারী মো. সুমনকে প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিক্ষকের ফেসবুক আইডি থেকে করা পোস্টগুলো আমাকে দেখানো হয়েছে।
ইউএনও মহোদয়ের মৌখিক নির্দেশক্রমে তাঁদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।” উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমাম বলেন, “শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে এবং অফিস সহকারীকে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, বিদ্যালয়ের পরিচালনা ও আর্থিক হিসাব-নিকাশে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যালয়ের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন ইউএনও।




