
বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়েল সাংস্কৃতিক সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার এবং নাটমঞ্চের সভাপতি উজ্জ্বল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দিলীপ কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা ও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন পি. এম. বিলাল। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন আছিয়া আক্তার মিথিলা।
আলোচনা সভায় বক্তারা দোয়েল সাংস্কৃতিক সংগঠনের দীর্ঘ সাংস্কৃতিক পথচলার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সংস্কৃতিচর্চার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক দায়িত্ব পালন করেন দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দিলীপ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শৈবাল মজুমদার। কর্মসূচির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন পি. এম. বিলাল। উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত দোয়েল সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন অনুষ্ঠান, প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রেখে চলেছে।




