
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নদীপথে নিরাপত্তা জোরদার, মৎস্যসম্পদ রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গত জুলাই ও আগস্ট মাসে ধারাবাহিক অভিযান চালিয়েছে নৌ-থানা পুলিশ। এ সময়ে ৮১টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১২৯ জনকে আটক করা হয়েছে। অভিযানে ৬ হাজার ৬২৮ মিটার কারেন্ট জাল, ২০টি নৌকা ও ৩০টি বাল্কহেড জব্দ করা হয়।
পাশাপাশি ১২ কেজি গাঁজা ও ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সম্প্রতি নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই মাসে মৎস্য আইনে ১৯টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং বেপরোয়া গতিতে নৌযান চালানোর ঘটনায় ২০টিসহ মোট ৪০টি মামলা করা হয়। এসব মামলায় ৭২ জনকে আটক করা হয়। এ সময় ২ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল, ৮টি নৌকা ও ২০টি বাল্কহেড জব্দ করা হয়। এছাড়া ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জুলাই মাসে ৬টি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। আগস্ট মাসে মৎস্য আইনে ২৬টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি এবং বেপরোয়া গতিতে নৌযান চালানোর ঘটনায় ১০টিসহ মোট ৪১টি মামলা করা হয়। এ মাসে ৫৭ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ৪ হাজার ২২৮ মিটার কারেন্ট জাল, ১২টি নৌকা ও ১০টি বাল্কহেড।
উদ্ধার করা হয় ৩টি ইয়াবা ট্যাবলেট ও ১২ কেজি গাঁজা। নৌ-থানা পুলিশের ওসি মো. আজমগীর বলেন, নদীপথে সাধারণ মানুষ ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




