চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় তরপুরচণ্ডী তেঁতুলতলা জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন ও নামাজে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা, সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নামাজে জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন গাছতলার পীর হযরত মাওলানা খাজা ওয়ালি উল্লাহ। জানাজায় চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান জসিম, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম,

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর রুহুল আমিনসহ সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, এলাকাবাসীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মরহুমের ছেলে ও তরপুরচণ্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর বন্দুকশী সকলের কাছে তাঁর মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন।

সম্পর্কিত খবর