শাহরাস্তিতে গভীর রাতে খামারে আগুন : পুড়ে গেছে ৩টি গরু

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে খামারে আগুন লেগে ৩টি গরু পুড়ে মারা গেছে। চোখের সামনে এই ক্ষতি দেখে এবং শোক সহ্য করতে না পেরে খামারের মালিক হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর মিজি বাড়ির ইয়াকুব আলীর গরুর খামারে আগুন লাগে। এতে খামারটি সম্পূর্ণ পুড়ে যায় এবং খামারে থাকা ৩টি গরু মারা যায়।

আগুন লাগার পর এলাকাবাসী তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। চোখের সামনে খামারের এই করুণ দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন খামার মালিক ইয়াকুব আলী। ইয়াকুব আলীর ছেলে আমান উল্লাহ জানান, পূর্বশত্রুতার জের ধরে এই ন্যাক্কারজনক কাজ করা হয়েছে। জামাতা মো. খোকন জানান, কিছুদিন আগে খামার থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে ফেললে চোরেরা গরু রেখে পালিয়ে যায়।

পরিবারটির ধারণা, শত্রুতাবশত পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে; কারণ খামারটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিলো না। বুধবার দুপুরে বাড়ির পাশে গরুগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, “এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।”

সম্পর্কিত খবর