শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১২টায় মাদরাসার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য দেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, “মাদরাসায় শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় মাদরাসাকে মডেল হিসেবে গড়ে তুলতে হবে। সবাইকে মাদরাসার উন্নয়নে এগিয়ে আসতে হবে। সর্বোপরি ভালো ফলাফল করতে হবে।”

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, অভিভাবক সদস্য মাওলানা শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মাওলানা আবুল কালাম আজাদসহ গভর্নিং বডির সদস্যরা।

সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণসহ শিক্ষকদের উচ্চতর স্কেল, চাকরি স্থায়ীকরণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষকদের যথাসময়ে মাদরাসায় আগমন ও প্রস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার মাদরাসা ক্যাম্পাস ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত খবর