
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে চলমান সড়ক উন্নয়নকাজের মাঝখানে থাকা ১৪টি বিদ্যুতের খুঁটি দ্রুত অপসারণ বা স্থানান্তরের দাবিতে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর মহাব্যবস্থাপককে (জিএম) স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর প্রধান কার্যালয়ে জিএম গোবিন্দ আগরওয়ালার হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়। জনস্বার্থে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেন গণমাধ্যমকর্মী ও সমাজকর্মী সাইফুল ইসলাম সিফাত।
স্মারকলিপিতে বলা হয়, হাজীগঞ্জ বাজারে সরকারের একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজ চলছে। ড্রেন নির্মাণের মাধ্যমে সড়ক বিভাগের জায়গা উন্মুক্ত হওয়ায় সড়কের পরিসরও বেড়েছে। তবে সড়ক প্রশস্ত হওয়ার পরও মাঝখানে পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর প্রায় ১৪টি বিদ্যুতের খুঁটি রয়ে গেছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, এসব খুঁটি ভবিষ্যতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। পাশাপাশি বাজারের স্বাভাবিক চলাচল ও সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চলমান উন্নয়নকাজের সময় খুঁটিগুলো স্থানান্তর করা হলে ভবিষ্যতে সড়ক কেটে পুনরায় কাজ করার প্রয়োজন হবে না। এতে সরকারি অর্থ ও সময় সাশ্রয় হবে।
স্মারকলিপিতে ১৫ দিনের মধ্যে খুঁটিগুলো চিহ্নিত করে নিরাপদ স্থানে স্থানান্তর, সংশ্লিষ্ট সড়ক বিভাগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং দৃশ্যমান কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের স্বার্থে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ডিজিএম শহিদুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামিম, সাংবাদিক হুমায়ুন কবির, রেডক্রিসেন্ট যুব প্রধান ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান রিমেল, ইউসুফ ব্যাপারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।




