
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত হওয়ার পর তাঁদের লাশ দাফন করা হয়েছিল। ময়নাতদন্তের জন্য এখন কবর থেকে লাশ উত্তোলন করা হবে।
গতকাল ২০ সেপ্টেম্বর বিষয়টি দৈনিক চাঁদপুর খবর নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
তিনি বলেন, চাঁদপুর জেলা প্রশাসক স্যারকে কবর থেকে লাশ উত্তোলনের জন্য নিবাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি । অনুমতি পেলে মিডিয়াকে জানাবো কোন তারিখে লাশ উত্তোলন করবো ।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বের হয়ে আসতে পারলেও পরে বাগড়া বাজার এলাকায় তাঁরা জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন।
পরে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই সময় পরিস্থিতির কারণে তাঁদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল বলে জানা যায়।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে জানা যায়।
আদালতের নির্দেশের পর এখন সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করা হবে। মৃত্যুর কারণ ও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে এই ময়নাতদন্ত করা হবে।




