
শাহরাস্তি প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের শাহরাস্তি পৌর শাখার সদস্য সচিব ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে শাহরাস্তি গেটের দোয়াভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রাসেল শাহরাস্তি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সেনগাঁও এলাকার আব্দুল লতিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, রাসেল বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।
শাহরাস্তি গেট এলাকায় নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।




