চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এলাকার তরুণ সমাজকে মাদক এবং সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের কার্যালয়ে আয়োজন করা হয়। এসময় এলাকার দুইটি ক্লাবকে ২টি ফুটবল এবং প্রত্যেক খেলোয়াড়দের জন্য নতুন জার্সি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সফিউদ্দিন বাবলু। তিনি বলেন, তরুণ সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শক্তি ও সৃজনশীলতাকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আজকের এই আয়োজনটি সেই বার্তা বহন করে।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণ প্রজন্মকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। যে বাংলাদেশ হবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ সকল প্রকার সামাজিক অবক্ষ মুক্ত। যে বাংলাদেশের নতুন প্রজন্ম কেবল শিক্ষিতই নয়, সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠবে। আমাদের চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক এবং সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের মাদকবিরোধী কার্যক্রম ও উন্নয়নমূলক উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। মাদকের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান আমাদেরকে উদ্বুদ্ধ করছে।

মোঃ সফিউদ্দিন বাবলু আরও বলেন, এলাকার তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের উৎসাহিত করতে হবে। আমরা চাই, আমাদের এলাকার প্রতিটি তরুণ শিক্ষিত, সুশৃঙ্খল, ক্রীড়াপ্রেমী ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে উঠুক। আজকের এই ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্দেশ্য ড়লো, তরুণ প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা দেওয়া। এজন্য আমি পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আয়োজক নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। ‌আমরা চাই প্রতিটি এলাকায়, পাড়া মহল্লায় তরুণদের নিয়ে এমন ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকুক।

চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব লোকমান শেখের পরিচালনায় অনুষ্ঠানে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর খান, সদস্য ইমান হোসেন ভুঁইয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিব শেখসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার ক্রীড়াপ্রেমী তরুণ প্রজন্ম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর