
শামীম আহমেদ : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক কাজীর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে।
গ্রামের অন্তত ৪০ জনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও জনপ্রতি ৫০০ টাকা করে দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
সানাতারকান্দি গ্রামের আক্কাস আলী প্রধানের স্ত্রী রোকসানা বেগম জানান, তাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ছবি ও ৫০০ টাকা নিয়ে মোস্তাক কাজীর বাড়িতে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি দেখেন, তাঁর মতো আরও অনেক নারী উপস্থিত রয়েছেন। তাঁদেরও ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে সেখানে আসতে বলা হয়েছে। পরে বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
একই গ্রামের আলফু দেওয়ানের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে তাঁর কাছ থেকেও ৫০০ টাকা, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল নম্বর নেওয়া হয়েছে এবং তাঁকে মোস্তাক কাজীর বাড়িতে যেতে বলা হয়েছে।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, মোস্তাক কাজীর বাড়ির ছাদে ৭০ থেকে ৮০ জন নারী জড়ো হয়েছেন। প্রতারক চক্রের কোনো ফাঁদে যেন কেউ না পড়েন, সে বিষয়ে তিনি উপস্থিত সবাইকে সতর্ক ও সচেতন করেন।
ফ্যামিলি কার্ডের জন্য টাকা দাবির অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মোস্তাক কাজী বলেন, জেলা থেকে কর্মকর্তা আসবেন—এ কথা জানিয়ে তিনি তাঁদের ফ্যামিলি কার্ডসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর নিয়ে আসতে বলেছেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি বড় ধরনের উদ্যোগ। এটি দিয়ে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা দুঃখজনক। কেউ টাকা দাবি করলে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




