
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে থেকে গ্রেফতারকৃত মাদক ডিলার শান্ত কারী (৩৪), পিতা-মৃত রহিম কারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-১০০, তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬খ্রি।
১৭সেপ্টেম্বর গ্রেফতারকৃত মাদক ডিলার মো: শান্ত কারীকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
জানা গেছে, ১৬ সেপ্টেম্বর বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানার এএসআই রাসেল মাদক ডিলার শান্ত কারীকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে ঐদিন রাতেই তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাসেল বাদী হয় মাদক আইনে মামলা দায়ের করেন।
মাদক ডিলার শান্ত কারীর আটকের ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, এলাকাবাসী শাহতলীতে শান্ত কারী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে পূর্ব শাহতলী থেকে আরো মাদকসেবী ও ব্যবসায়ী মো: ফয়সাল(৩২)কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
১৬সেপ্টেম্বর রাত ১০টায় পূর্ব শাহতলী রেল লাইনের উপর থেকে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর মডেল থানার এ এস আই কাউছার তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক ডিলার শান্ত কারী একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যা নামলেই কয়েকটি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মাদক ব্যবসা পরিচালনা করা হতো বলেও অভিযোগ করেন তারা।
আটক মাদক ডিলার শান্ত কারী পুলিশের জিজ্ঞাসাবাদে তার সঙ্গে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী জড়িত থাকার কথা জানিয়েছেন বলে জানা গেছে।
এদিকে শান্ত কারী পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় শাহতলী এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারী হলেন-রাশেদ মিজি (৩৮), পিতা-মৃত তাজুল মিজি, সাং-শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; সিয়াম (১৫), পিতা-সফিক মাস্টার, গ্রাম-শাহতলী, ডাকঘর-শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; সায়েম (২৫), পিতা-সফিক মাস্টার, গ্রাম-শাহতলী, ডাকঘর-শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; রাব্বি মিজি (৩০), পিতা-মাওলানা হামিদ মিজি, গ্রাম-শাহতলী, ডাকঘর-শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; মো. রানা গাজী (৩২), পিতা-ইয়াসিন গাজী, গ্রাম-বড় শাহতলী, ডাকঘর-শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর এবং সাগর গাজী (২৮), পিতা-খোরশেদ গাজী, গ্রাম -শাহতলী, ডাকঘর-শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর। মাদক ব্যবসায়ী ও সেবনকারীর আরো নামও আছে । তদন্তে প্রকাশ পাবে বলে থানা সূত্রে জানা গেছে ।
স্থানীয়দের অভিযোগ, উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাদক বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত। তাদের দ্রুত শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এদিকে তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ী ও সেবনকারী জড়িতদের গ্রেফতারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে ।




