মাদক মামলায় তিনমাসের আগে জামিন আবেদনে দাঁড়াবেন না কোন আইনজীবি : চাঁদপুর জেলা আইনজীবী সমিতি

চাঁদপুর খবর রিপোর্ট : মাদক মামলায় গ্রেপ্তার বা কারাগারে থাকা আসামিদের জামিন আবেদনের পক্ষে মামলা দায়েরের পর তিন মাসের আগে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না—এমন সিদ্ধান্ত নিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে।

তারা জানিয়েছেন, মাদক মামলায় আটক হয়ে কারাগারে যাওয়া কোনো আসামির পক্ষে মামলার তিন মাস পূর্ণ হওয়ার আগে জামিনের আবেদন করতে আইনজীবীরা আদালতে উপস্থিত হবেন না। আইনজীবী সমিতির নেতারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ করে মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত জামিনের সুযোগ না দেওয়ার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান তৈরির কথা জানিয়েছেন তারা। তবে আইনজীবী সমিতির এমন সিদ্ধান্ত নিয়ে আইনগত মহলে প্রশ্নও উঠতে পারে। কারণ, কোনো আসামির জামিনের আবেদন করা বা জামিন মঞ্জুর হবে কি না—তা নির্ধারণের এখতিয়ার আদালতের।

একই সঙ্গে আসামির আইনগত প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের অধিকারও আইনের গুরুত্বপূর্ণ অংশ। ফলে আইনজীবী সমিতির এই সিদ্ধান্ত আদালতের প্রচলিত আইন ও বিধিবিধানের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হতে পারে। আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, মাদক মামলায় আটক বা কারাগারে থাকা আসামিদের ক্ষেত্রে তাদের ঘোষিত সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে সিদ্ধান্তটির লিখিত রেজুলেশন, কার্যকর হওয়ার সুনির্দিষ্ট তারিখ এবং এর আওতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

এদিকে, চাঁদপুরের সচেতন মহল মনে করছে, মাদকের বিস্তার রোধে আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক মামলার আসামিদের অধিকার এবং প্রচলিত আইনগত প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

এদিকে (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন বলেছেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। শুধু মুখে বললে হবে না, এটি কিভাবে কার্যকরভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

মাদক মামলায় গ্রেপ্তার বা কারাগারে থাকা আসামিদের জামিন আবেদনের পক্ষে মামলা দায়েরের পর তিন মাসের আগে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না— চাঁদপুর জেলা আইনজীবী সমিতির এমন সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছে ।

সম্পর্কিত খবর