কুমিল্লায় ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লায় ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ বাস্তবায়নে জেলা পর্যায়ের এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান তত্ত্বাবধানকারী কর্মকর্তা হিসেবে ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন। এ সময় অতিরিক্ত সচিব মো.সবুর হোসেন তাঁর বক্তব্যে বলেন, “২০২৬-২০৩০ সালের এই কৌশলপত্রটি কেবল একটি কাগজের পরিকল্পনা নয়; এটি আমাদের ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার মূল রূপরেখা ও মূল ভিত্তি।

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব সৌরশক্তি, বায়োম্যাস ও আধুনিক নবায়নযোগ্য প্রযুক্তির প্রসারে জেলা ও মাঠপর্যায়ের কর্মকর্তারাই মূল কারিগর। কুমিল্লাসহ প্রতিটি জেলায় মাঠপর্যায়ে এই কৌশলের সফল বাস্তবায়ন দেশীয় টেকসই উন্নয়নের ধারাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে।

দিনব্যাপী এই কর্মশালায় ২০২৬-২০৩০ মেয়াদী কৌশলপত্রের মূল লক্ষ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ‘নবায়নযোগ্য জ্বালানি-২’ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান । এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের নিয়ে সৌরবিদ্যুৎ প্রযুক্তির প্রসারে ‘নেট মিটারিং’ ব্যবস্থার কার্যকর ব্যবহার, সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলের ছাদে সোলার প্যানেল স্থাপন এবং রক্ষণাবেক্ষণের স্থানীয় চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি প্রণোদনা, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির নীতিগত দিকনির্দেশনা প্রদান করেন ।

কর্মশালায় চাঁদপুর,ব্রাম্মনবাড়িয়া,ফেনি,নোয়াখালি, লক্ষ্মীপুর ও কমিল্লা জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কারিগরি বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ বিভাগের সাথে জেলা প্রশাসন ও বিতরণকারী সংস্থাগুলোর আন্তঃদপ্তর সমন্বয় নিশ্চিতকরণ এবং প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার জন্য জেলা প্রশাসনের অধীনে একটি কার্যকর সমন্বিত পর্যবেক্ষণ কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পর্কিত খবর