
এস. এম ইকবাল, ফরিদগঞ্জ: প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)” প্রকল্পের আওতায় ফরিদগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও অনুদানের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এমএ হান্নান।
প্রধান অতিথি বলেন, দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ ধরনের মানবিক ও কর্মমুখী উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও কার্যকর অবদান রাখবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.আর.এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ, উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাছান, পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন প্রান্তিক পেশাজীবীর প্রত্যেকের হাতে এককালীন ১৮ হাজার টাকা চেক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের দাবি জানান।




