
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে কথিত মাদক ডিলার শান্ত কারী (৩৪), পিতা—মৃত রহিম কারীকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানার এএসআই রাসেল তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
শান্ত কারীর আটকের ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, এলাকাবাসী শাহতলীতে শান্ত কারী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় শান্ত কারী একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যা নামলেই কয়েকটি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মাদক ব্যবসা পরিচালনা করা হতো বলেও অভিযোগ করেন তারা।
আটক শান্ত কারী পুলিশের জিজ্ঞাসাবাদে তার সঙ্গে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী জড়িত থাকার কথা জানিয়েছেন বলে জানা গেছে।
তারা হলেন—রাশেদ মিজি (৩৮), পিতা—মৃত তাজুল মিজি, সাং—শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; সিয়াম (১৫), পিতা—সফিক মাস্টার, গ্রাম—শাহতলী, ডাকঘর—শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; সায়েম (২৫), পিতা—সফিক মাস্টার, গ্রাম—শাহতলী, ডাকঘর—শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; রাব্বি মিজি (৩০), পিতা—মাওলানা হামিদ মিজি, গ্রাম—শাহতলী, ডাকঘর—শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; মো. রানা গাজী (৩২), পিতা—ইয়াসিন গাজী, গ্রাম—বড় শাহতলী, ডাকঘর—শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর এবং সাগর গাজী (২৮), পিতা—খোরশেদ গাজী, গ্রাম—শাহতলী, ডাকঘর—শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর।
স্থানীয়দের অভিযোগ, উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাদক বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত। তাদের দ্রুত শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।




