৮ থেকে ২৯ অক্টোবর মা ইলিশ রক্ষায় ২২ দিন সব ধরনের ইলিশ বিক্রি ও পরিবহন বন্ধ

চাঁদপুর খবর রিপোর্ট : প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ ডিম ছাড়ার লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি’র সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সভায় জানানো হয়, নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ সংরক্ষণ অভিযান জোরদার করা হবে। এ সময় নিবন্ধিত ইলিশ শিকারি জেলেদের খাদ্য সহায়তায় সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেবে। সভাপতির বক্তব্যে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ প্রধান প্রজনন ক্ষেত্রগুলোতে নজরদারি ও অভিযান জোরদার করতে হবে।”

নিষেধাজ্ঞা সফল করতে জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রজনন ক্ষেত্র ও হটস্পটগুলোতে বরফকল, আড়ত ও বাজারে কঠোর নজরদারির তাগিদ দেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে।

নিষিদ্ধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত জেলেরা যেন সরকারি খাদ্য সহায়তা পান, তা নিশ্চিত করা হবে।” সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্যজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর