চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মহামায়ায় ত্রিমূখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের : আহত ২

মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপ দূর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি হাজীগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ হার্ড ব্রেক করলে পেছনে থাকা (চাঁদপুর- থ ১১-৪৫৯৯) নম্বরের একটি সিএনজিটি সজোরে ধাক্কা লেগে পূর্ব দিক থেকে আসা একটি পিক-আপের সামনে গিয়ে পড়ে।

এসময় সিএনজির চালক সহ যাত্রীরা সড়কে ছিটকে পড়লে তাদের অবস্থা আশংকাজনক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে ঢাকা রেফার করলে পথিমধ্যে তিনিও মারা যান। আহত দু’জন হাসপাতালে চিকিৎসা নেন।

নিহত যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০)। এবং নিহত সিএনজি চালকের নাম কবির মাল বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চালকের ঠিকানা জানা সম্ভব হয়নি। এদিকে ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন। পরে চাঁদপুর সদর মডেল থানায় অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে দৈনিক চাঁদপুর খবরকে বলেন, ত্রিমূখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর