
ফরিদগঞ্জ ব্যুরোঃ চাঁদপুরের ফরিদগঞ্জে মো. আফসার উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে মারধর, হত্যাচেষ্টা ও মালামাল লুটের অভিযোগে দায়ের করা মামলায় জাকির হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছিয়ারা এলাকার উজ্জলের হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আফসার উদ্দিন আইনি পরামর্শ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে জাকির হোসেন, মাহমুদ হোসেন, রিফাত ও মাঈনুদ্দীন রনিসহ কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলায় তার মাথা, গলা, হাত, পা, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় তার স্বর্ণের চেইন, হাতঘড়ি ও নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনটি আছাড় দিয়ে নষ্ট করার অভিযোগ রয়েছে। আফসার উদ্দিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকির হোসেনকে আটক করে। অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে আহত আফসার উদ্দিনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্যাহ বলেন, এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




