
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শেকান্দর বেপারী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আমিয়াপুর পাকা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শেকান্দর বেপারী উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।
তিনি দুই সন্তানের জনক। স্বজনরা জানান, আগামী ১৪ দিন পর তাঁর পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা দ্রুতগতিতে চলার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি অটোরিকশাই সড়কের পাশে উল্টে যায়। এ সময় শেকান্দর বেপারী (৭০) একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। দুর্ঘটনায় আহত আরও দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শেকান্দর বেপারীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




