ডেঙ্গু প্রতিরোধে মতলব উত্তরে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজ চত্বরে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

কর্মসূচিতে চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অভিযানকালে নেতাকর্মীরা নাউরী আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ, মাঠের আশপাশের সড়ক, ড্রেন এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

কর্মসূচিতে খায়রুল হাসান বেনু বলেন, “কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আমরা নাউরী আদর্শ কলেজ এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা ও নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। ছাত্রদল সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সবসময় মাঠে থাকবে।” এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

সম্পর্কিত খবর