
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি।
কাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা প্রশাসনের সাধারণ শাখা থেকে জারি করা এক সভা নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলার সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি, জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় করবেন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং জনসেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হতে পারে।
চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান সভায় সভাপতিত্ব করবেন।
সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। নোটিশে আরও যাদের অনুলিপি দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন চাঁদপুরের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য, উপ-পরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব/শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, চাঁদপুর, জেলা তথ্য কর্মকর্তা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অন্যান্য দপ্তর।




