আইসিএর বিশ্ব সম্মেলনে যোগ দিতে পানামা গেলেন জসিম উদ্দিন শেখ

চাঁদপুর খবর রিপোর্ট: ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (আইসিএ)-এর ‘গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলি’তে যোগ দিতে পানামা গেলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক এবং চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন শেখ।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুল হয়ে পানামার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। পানামায় অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী এ সম্মেলনে তিনি বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সমবায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সমবায় আন্দোলনের অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল তুলে ধরবেন জসিম উদ্দিন শেখ।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সমবায় খাতের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সমবায় আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এক প্রতিক্রিয়ায় জসিম উদ্দিন শেখ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমবায় আন্দোলনের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফর যেন সফল ও সার্থক হয়, সে জন্য তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নেতৃবৃন্দ, দেশের সর্বস্তরের সমবায়ী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন।

সম্পর্কিত খবর