শাহতলী কামিল মাদ্রাসার সাবেক লাইব্রেরিয়ান আহসান হাবীবের ইন্তেকাল

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল (এম.এ.) মাদ্রাসার সাবেক সহকারী লাইব্রেরিয়ান (শিক্ষক )হযরত মাওলানা আহসান হাবীব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে মাহমুদুল হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। মেজ ছেলে হাফিজুল রহমান বর্তমানে প্রবাসে কর্মরত। ছোট ছেলে মেহেদী হাসান রাফি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত। তাঁর মেয়ের জামাতা আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন চাঁদপুরী চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

হযরত মাওলানা আহসান হাবীব শাহতলী কামিল মাদ্রাসার সাবেক সহকারী লাইব্রেরিয়ান ছিলেন। তিনি ২০২৩ সালের ডিসেম্বর মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি মাদ্রাসার শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে একজন সজ্জন, দায়িত্বশীল ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালের সংবাদে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্রসমাজ ও গুণগ্রাহীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসরের নামাজের পর ফরিদগঞ্জ উপজেলার দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

মাওলানা আহসান হাবীবের ইন্তেকালে সোহেল রুশদীর শোক :

শাহতলী কামিল মাদ্রাসার সাবেক সহকারী লাইব্রেরিয়ান(শিক্ষক ) হযরত মাওলানা আহসান হাবীবের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এবং শাহাতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মাওলানা আহসান হাবীব ছিলেন একজন নিবেদিতপ্রাণ, সজ্জন ও ধর্মপ্রাণ ব্যক্তি। দীর্ঘদিন শাহাতলী কামিল মাদ্রাসায় দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সোহেল রুশদী মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের সকল নেক আমল কবুল, গুনাহ মাফ এবং কবরকে নূরে ভরে দেওয়ার জন্য দোয়া করেন। একই সঙ্গে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

এ ছাড়া মাওলানা আহসান হাবীবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শাহাতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা ইয়াসিনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পর্কিত খবর