
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্ট্যাটাসে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, গতকাল চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “অনুষ্ঠানের কিছু ভুল, ত্রুটি থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করছি।”
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া একজন শিক্ষার্থীর মজার ছলে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সংসদ সদস্য।
তিনি বলেন, “আমরা সবার মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করি। তাই এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সব পোস্টগুলো ডিলিট করে দেওয়ার অনুরোধ করছি।”
শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা রয়েছে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এদিকে সংসদ সদস্যের পোস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




