চাঁদপুর থেকে ভার্চুয়ালি ‘ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ

চাঁদপুর খবর রিপোর্ট : ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর থেকে ভার্চুয়ালি ‘ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কার্যালয়, চাঁদপুর থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনকৃত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে শহরের বিপণীবাগ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা রোভার, স্কাউট, বিএনসিসি, ক্লিন চাঁদপুরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় তারা বিপণীবাগ এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সুস্থ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চাঁদপুর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত থাকবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চাঁদপুরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর