ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জের বালুথুবা ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর কথিত পরকীয়ার প্রতিবাদ করায় এক যুবককে সালিশি বৈঠকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১০০ বেত্রাঘাতের সিদ্ধান্ত দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সালিশি বৈঠক চলাকালেই ওই যুবকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর বালুথুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেইচর গ্রামের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম রাসেল খান। তিনি বাবুল খানের ছেলে। আহতের পরিবারের অভিযোগ, সৌদি প্রবাসী কাদির খানের স্ত্রী রুকু আক্তারের সঙ্গে কথিত পরকীয়ার বিষয়টি নিয়ে রাসেল খান ও তার চাচাতো ভাই মোহন প্রতিবাদ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাসেলকে ঢাকা থেকে ডেকে এনে সালিশি বৈঠকে বসানো হয়।পরিবারের দাবি, স্থানীয় ইউপি সদস্য ইমরানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সালিশে রাসেল খান ও মোহনকে ৫০ হাজার টাকা জরিমানা, ১০০ বেত্রাঘাত এবং ১০ বছর এলাকায় প্রবেশ না করার মতো শাস্তির সিদ্ধান্ত দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, সালিশি বৈঠক শেষ হওয়ার আগেই কাদির খানের দুই ছেলে মাহাতি ও কামরুল, তার বড় ভাই চিডা খানের ছেলে কাইয়ুম খান, ছলেমানের ছেলে শাকিলসহ কয়েকজন রাসেলের ওপর হামলা চালান। আহতের পরিবারের অভিযোগ, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রাসেলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।

আহতের স্বজনদের বক্তব্য : ইয়াসিন, আহতের বড় ভাই, বলেন, সালিশের নামে তার ছোট ভাইকে ডেকে এনে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কুলসুমা বেগম, আহতের মা, ছেলেকে ডেকে এনে পরিকল্পিতভাবে মারধরের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানান। এ ঘটনায় হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে আহতের পরিবার।

তবে সালিশি বৈঠকে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য এবং অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সম্পর্কিত খবর