
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্পে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে দেশের খ্যাতনামা ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়েছেন। চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে কুমিল্লা রোডের ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত এ ক্যাম্পে পূর্বনিবন্ধন করা ৫২৭ জন রোগী বিশেষায়িত চিকিৎসাসেবা পেয়েছেন।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে ঢাকার বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।
২০১৯ ও ২০২১ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো চাঁদপুর ডায়াবেটিক সমিতিতে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এ বিশেষায়িত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো। সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকেরা গ্যাস্ট্রোএন্টারোলজি: জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান,
নিউরোলজি: অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, ডায়াবেটিস ও হরমোন: অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, হৃদরোগ: অধ্যাপক ডা. এম. এ. রশিদ, চর্ম ও যৌন রোগ: অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম
বন্ধ্যাত্ব রোগ: অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাত, ব্যথা ও ফিজিক্যাল মেডিসিন: অধ্যাপক ডা. মো. শাহ জামান খান, কিডনি রোগ: অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিন উল হক, গাইনি ও প্রসূতিবিদ্যা: অধ্যাপক ডা. তানজিম সাবিনা চৌধুরী, মেডিসিন ও রিউমাটোলজি: সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমিন, চক্ষুরোগ ও সার্জারি: সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ বেগম।
স্থূলতা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার, চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিকেল ৩টায় স্থানীয় চিকিৎসকদের অংশগ্রহণে ‘Obesity: New Concept; What Health Care Providers Need to Know’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান। অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি আহমেদ জিয়াউর রহমান এবং সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মইনুল ইসলাম মজুমদার, ডা. মোবারক হোসেন চৌধুরী, ডা. নুরুল
হুদা, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ স্থানীয় চিকিৎসক, সমিতির পরিচালনা পর্ষদের সদস্য ও আজীবন সদস্যরা।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর বলেন, দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের চাঁদপুরে এনে চিকিৎসাসেবা দেওয়ার ফলে চাঁদপুরসহ আশপাশের এলাকার ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।




