
প্রেস বিজ্ঞপ্তি : ‘আইনজীবীদের বে-আইনি আবদার রক্ষা না করায় আদালত বর্জন’—এমন সংবাদকে সম্পূর্ণ অসত্য, মনগড়া, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে কঠোর প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। সমিতির দাবি, নিজেদের কর্মকাণ্ডের দায় অন্যের ওপর চাপিয়ে দিয়ে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে এ ধরনের বক্তব্য প্রচার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুরের বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদলিপিতে বলা হয়, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দেশের একটি স্বনামধন্য আইনজীবী সংগঠন। এ সমিতির প্রায় ৫০০ আইনজীবী নিয়মিত আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
সমিতির দীর্ঘ ইতিহাসে কোনো আইনজীবী বিচারকের কাছে অন্যায় বা বে-আইনি আবদার করে বিচারকার্য পরিচালনায় প্রভাব বিস্তারের চেষ্টা করেননি। আইনজীবী সমিতির নেতারা বলেন, ‘বে-আইনি আবদার’ পূরণ না হওয়ায় আদালত বর্জন করা হয়েছে—এমন দাবি প্রকৃত ঘটনার সম্পূর্ণ বিপরীত। আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিচারকার্য পরিচালনায় কথিত অনিয়ম, সমন্বয়হীনতা এবং আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে। প্রতিবাদলিপিতে অভিযোগ করা হয়, আদালত বর্জনকৃত বিচারকদের বিরুদ্ধে বিচারপ্রার্থী জনগণের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে তদবির এবং পক্ষপাতমূলক আদেশ প্রদানের অভিযোগ রয়েছে। পাশাপাশি আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক ও অসম্মানজনক আচরণ এবং বিচারকার্যে সমন্বয়হীনতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সাধারণ সভায় আলোচনা শেষে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির দাবি, এ ঘটনাগুলো আড়াল করে ‘আইনজীবী নেতাদের বে-আইনি আবদার রক্ষা না করায় আদালত বর্জন’এমন বক্তব্য দেওয়া সত্যকে বিকৃত করার শামিল। এতে চাঁদপুরের আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ বিচারপ্রার্থী মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কোনো ধরনের সত্যতা যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি গভীরভাবে ক্ষুব্ধ ও বিস্মিত।
আদালত কর্তৃপক্ষের মাধ্যমে এমন ‘একচেটিয়া ও হাস্যকর’ বিবৃতি দেওয়া হয়ে থাকলে বিষয়টি পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত কর্তৃপক্ষ যদি এ ধরনের বিভ্রান্তিমূলক ও অসৌজন্যমূলক বিবৃতি দিয়ে থাকে, তাহলে তা অবিলম্বে প্রত্যাহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি প্রকাশিত সংবাদকে অসত্য ও বানোয়াট আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং প্রকৃত ঘটনা যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।




