চাঁদপুরে এমএলএম প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের কুমিল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে এইচ.এম.সি.এল নামের একটি এমএলএম প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাঁদপুর জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে প্রতিষ্ঠানের বর্তমান কার্যালয়ে কোনো সাইনবোর্ড না থাকা, অনুমোদন ছাড়াই ‘আস্থা ফাউন্ডেশন’-এর কার্যক্রম পরিচালনা, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা থেকে ‘কম্বো বাজার প্যাকেজ’-এর জন্য প্রায় ৭০০ থেকে ৮০০ জনের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ এবং থানা ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনার বিষয়টি উঠে আসে।

এ ছাড়া প্রতিষ্ঠানের একাধিক স্থায়ী ঠিকানা ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্যের খালি প্যাকেট অফিসে সংরক্ষণ, নিম্নমানের প্রসাধনী সামগ্রী বিক্রয় এবং ট্রেড লাইসেন্স প্রকাশ্য স্থানে প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এইচ.এম.সি.এল (এমএলএম কোম্পানি)-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর