শাহতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু

চাঁদপুর খবর রিপোট : চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের শাহতলীতে মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকের বিস্তার ঠেকাতে গত দুই দিন ধরে এলাকায় চলছে চিরুনি অভিযান। যে কোন মুহুতে গ্রেফতার হতে পারেন মাদক ডিলার ও সেবনকারীরা।

অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। মাদকবিরোধী এ অভিযানকে ঘিরে শাহতলীর বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে তৎপরতা চালাচ্ছেন সংশ্লিষ্টরা।

আকস্মিক অভিযান ও তল্লাশির কারণে মাদক সংশ্লিষ্টদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে তরুণদের একটি অংশ মাদকের সংস্পর্শে চলে যাওয়ায় পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে শাহতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টানা অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহতলী ও আশপাশের এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের নিয়মিত তৎপরতা চান তারা। তাদের দাবি, শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, মাদক কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে মাদকের সম্ভাব্য উৎস ও সরবরাহব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা। এদিকে মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, অভিযান পরিচালনার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়াতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ চিরুনি অভিযান শাহতলীকে মাদকমুক্ত করার ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

তারা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ অভিযানের পাশাপাশি স্থানীয়ভাবে জনসচেতনতা তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্ব শাহতলী মাদকবিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে শাহতলীতে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পূর্ব শাহতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মাদকমুক্ত শাহতলী গড়তে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত খবর