
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া মান্দারী এলাকায় তথাকথিত মাদকবিরোধী অভিযানের নামে হামলায় নিহত প্রবাসী শাহজাহান পাটোয়ারী হত্যা মামলার দু আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে মাদকবিরোধী অভিযানের অজুহাতে শাহজাহান পাটোয়ারীর ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত।
হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত প্রবাসীর ভাই স্বপন পাটোয়ারী বাদী হয়ে ৭ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী স্বপন পাটোয়ারী অভিযোগ করে বলেন, মাদকবিরোধী অভিযানের নামে আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমি ৭ জনকে আসামি করে মামলা করার পর পুলিশ ২ জনকে গ্রেপ্তার করলেও মূল আসামিসহ অন্যরা এখনো অধরা রয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, মাদকবিরোধী অভিযানের বিভ্রান্তিকর রূপ দিয়ে শাহজাহান পাটোয়ারীর ওপর ওই দিন হামলা চালানো হয়েছিল।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মামলার এজাহারভুক্ত ২ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”




