
মো. শামছুদ্দোহা সেলিম, হাইমচর সংবাদদাতা : চাঁদপুরের হাইমচরে ২০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে হাইমচর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে জয়নাল আবেদীন জুয়েল (৩০), হাইমচর উপজেলার গণ্ডামারা গ্রামের দুলাল বেপারীর ছেলে মো. তারেক বেপারী (১৯) এবং উত্তর আলগী গ্রামের মোক্তার আহম্মদ আখনের ছেলে সাকিব হোসেন (২৩)।
হাইমচর থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার দিকনির্দেশনায় পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ নয়ানী লক্ষ্মীপুর এলাকার বাংলা বাজারে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ জয়নাল আবেদীন জুয়েলকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অপরদিকে, এএসআই হান্নান উদ্দিনের নেতৃত্বে অপর একটি অভিযানে পূর্ব চরকৃষ্ণপুর এলাকা থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারেক বেপারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এএসআই (নিঃ) সেলিম মিয়া পূর্ব চরকৃষ্ণপুর বিসমিল্লাহ মোড় এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সাকিব হোসেনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




