চান্দ্রা বাজার মানব কল্যাণের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের সামাজিক সংগঠন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় পরিবারকে স্বাবলম্বীকরণ ও মাদকবিরোধী ক্যাম্পেইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) চান্দ্রা নূরীয়া ফাজিল মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সংগঠনের মাধ্যমেই সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। তাদের সহযোগিতা করে স্বাবলম্বী করে তুলতে একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রয়োজন। তিনি বলেন, চান্দ্রা নূরীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, সেদিকে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা যেন কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদেরও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা হচ্ছে এবং স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হচ্ছে। অসহায় পরিবারের মাঝে সহযোগিতা করে তাদের স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল ব্যবসার সুযোগ করে দেওয়ায় তিনি সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, চান্দ্রা নূরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী ও শিক্ষক মো. সাহাবুদ্দিন।

সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মো. সালাউদ্দিন চাঁদপুরী। এ সময় মাদ্রাসার শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অসহায় পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ছাগল বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন খান।

সম্পর্কিত খবর