
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরে ইয়াবা বিক্রির সময় শায়িত খান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই নাজমুল ও এএসআই সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফা গাজীর চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রির অভিযোগে শায়িত খানকে আটক করা হয়।
পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক শায়িত খান দক্ষিণ বালিয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মতিন খানের ছেলে। পুলিশের দাবি, চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলে আসছে।
বিশেষ করে চৌরাস্তা এলাকায় একাধিক মাদক বিক্রেতা সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন যুবককে ব্যবহার করে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছে বলেও দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক শায়িত খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এলাকায় অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। অভিযানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।




